sastriyasangeetkalaparishad

প্রতিষ্ঠাতা সচিব

প্রতিষ্ঠাতা সচিব

আমাদের প্রতিষ্ঠাতা সচিব শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয় দক্ষিণ কলিকাতায় জন্মগ্রহণ করেন। মাননীয় শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয় গৌরীপুরের ( বর্তমানে বাংলাদেশে অবস্থিত ) জমিদার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ স্বর্গীয় কুমার বাহাদুর বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর নিকট আত্মীয় ছিলেন এবং গৌরীপুরের কলকাতাস্থ রাজবাড়ি থাকাকালীন সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মায়। শিশুকাল হতে উনি স্বর্গীয় কুমার বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাগিনেয় প্রয়াত ওস্তাদ এনায়েত খাঁ সাহেবের শিষ্য স্বর্গীয় শ্রী বিমলাকান্ত রায়চৌধুরীর নিকট সেতার শিক্ষা শুরু করিয়া গুরুর মৃত্যু (১৯৮০) পর্যন্ত শিক্ষা অব্যাহত রাখেন। এছাড়া শ্রী বীরেন্দ্র কিশোরের নিকট ধ্রুপদাঙ্গের আলাপ ও ভারতীয় সঙ্গীতের ইতিহাস শিক্ষা করেন এবং উস্তাদ বিলায়েত হোসেন খাঁ এবং ইমরাত হোসেন খাঁ সাহেবের নিকট প্রায় ১২ বছর সেতার শিক্ষা করেন। স্বর্গীয় উস্তাদ মুস্তাক আলী খাঁ সাহেব উনাকে অত্যন্ত স্নেহ করতেন। ১৯৭৯ সালে “প্রয়াগ সঙ্গীত সমিতি”, এলাহাবাদ অধুনা প্রয়াগরাজ হইতে সঙ্গীত প্রবীণ ( M. Mus ) পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পান। শ্রী ভট্টাচার্য মহাশয় দেশের বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত যোগদান করেছেন এবং দেশের বিভিন্ন পরীক্ষা পরিচালন সংস্থার পরীক্ষক রূপে নিয়োজিত ছিলেন।
শ্রী ভট্টাচার্য মহাশয় সঙ্গীত ও শিল্পকলার তত্ত্ব সম্পর্কিত বহু পুস্তকের রচনা করেছেন। ১৯৮৮ সালে শাস্ত্রীয় সঙ্গীত কলা পরিষদের সূচনাকালে স্বর্গীয় শ্রী করালি মোহন চ্যাটার্জি মহাশয়ের নির্দেশে পরিষদের সচিব পথ গ্রহণ করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে “শাস্ত্রীয় সঙ্গীত কলা পরিষদ” এর সারাদেশে প্রচার ও প্রসার করেন।
২০২০ সালে শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয় পরিষদের সচিবের দায়িত্বভার বর্তমান সচিব শ্রী কিংশুক ভট্টাচার্য মহাশয়ের হাতে তুলে দেন এবং পরিষদ পরিচালন সমিতির অনুরোধে সভাপতির পদ গ্রহণ করেন এবং ২০২২ সালের ৩রা ফেব্রুয়ারি ওনার মৃত্যুর দিন পর্যন্ত পরিষদের সভাপতি পদে ছিলেন।
ওনার পরবর্তী পরিচালন সমিতি ও সচিব, স্বর্গীয় শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয়ের দেখানো পথে চলতে অঙ্গীকারবদ্ধ। “শাস্ত্রীয় সঙ্গীত কলা পরিষদ”, শ্রী পৃথ্বীশ ভট্টাচার্য মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানায়।
Scroll to Top